ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে হাকিম বিশ্বাস (৫৮) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত হাকিম বিশ্বাস ফরিদপুরের মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট দুপুরে শিশুটিকে তার অসুস্থ নানা-নানির কাছে রেখে ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে যান তার মা। বিকেল চারটার দিকে বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, প্রতিবেশী হাকিম তাঁর ছয় বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতন করেছেন।
এ ঘটনায় পরদিন, ৩ আগস্ট, শিশুটির মা বাদী হয়ে হাকিম বিশ্বাসকে একমাত্র আসামি করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত করেন মধুখালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। তদন্ত শেষে ২০১৯ সালের ১ মে তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট।’
ডিবিসি/এমএনকে