বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের মধুখালীতে সন্তানের জন্য দুধ কিনতে বাজারে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন এক তরুণ দম্পতি। শুক্রবার (১ মে) বিকেলে জেলার মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিলের সামনে ইটবোঝাই একটি ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৩) ও তার স্ত্রী শিমলা খাতুন (২০)। শিমলা খাতুন একই উপজেলার নলিয়া গ্রামের হাবিবুর রহমান মল্লিকের মেয়ে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ সন্তানের জন্য দুধ কিনতে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন তামিম ও শিমলা। পথে আলতু খান জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই পাঁচ চাকার ট্রলির (লরি) সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যু বরণ করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন