বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের ষষ্ঠ শ্রেণির এক কিশোরী (১৪) ২৭ সপ্তাহের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. ওয়াহিদ শেখকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, দায়িত্বে অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৬ জুলাই ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়াশোনা করে। শিশু পরিবার থেকে স্কুলে যাতায়াতের পথে গত ৫ জানুয়ারি বিকেলে ওই এলাকার দর্জি দোকানদার মো. ওয়াহিদ শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ৬ জুলাই শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি ২৭ সপ্তাহ ও দুই দিনের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে মামলার সূত্র ধরে গত ৮ জুলাই সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে, এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ৮ জুলাই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন