গতকালের মতো আজও ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে; বরং পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নগরী আপেক্ষিকভাবে ফাঁকা থাকা সত্ত্বেও বায়ুর মানের কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।
সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স বা আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে চীনের রাজধানী বেইজিং। শহরটির দূষণ স্কোর ১৯০, যা জনস্বাস্থ্যের জন্য 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত। অন্যদিকে, ১৮৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঢাকার বাতাসও আজ অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়েছে। এই বৈশ্বিক তালিকায় ১৭৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয়, ১৬৪ স্কোর নিয়ে ভারতের কলকাতা চতুর্থ এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন পঞ্চম স্থানে রয়েছে।
দূষিত বাতাসের এই ভয়াবহ চিত্রের বিপরীতে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম শহর। শহরটিতে আজ বায়ুদূষণের স্কোর একেবারে শূন্য। এছাড়া মাত্র ৮ পয়েন্ট নিয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।
ডিবিসি/পিআরএএন