ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার এক অভাবনীয় ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল-ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটল, যেখানে র্যাঙ্কিংয়ের সেরা চার দলই একসাথে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে।
আকর্ষণীয় ব্যাপার হলো, সেমিফাইনালে ওঠা এই চারটি দলই আবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। অতীতে বিশ্বকাপ জেতা চারটি দলেরই একসাথে সেমিফাইনালে ওঠার ঘটনাও বেশ বিরল। বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে কেবল ১৯৭০ ও ১৯৯০ সালের আসরে এমনটা দেখা গিয়েছিল। ফলে দীর্ঘ সময় পর আবারও চার বিশ্ব চ্যাম্পিয়নের রাজকীয় লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ফুটবল ভক্তরা।
ইতিহাস আর রেকর্ডের রোমাঞ্চ শেষে ভক্তদের অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের। ফাইনালে ওঠার এই মহারণে ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই দিবাগত রাত ১টায়।
অন্যদিকে, আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ঠিক তার পরের দিন, অর্থাৎ ১৫ জুলাই দিবাগত রাত ১টায়। ফুটবলপ্রেমীদের চোখ এখন ডালাস ও আটলান্টায়; হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই চার বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে কারা ফাইনালের টিকিট নিশ্চিত করে, সেটাই এখন দেখার বিষয়।
ডিবিসি/এমএনকে