বিশ্বকাপ ফাইনালের পর অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে জড়ানো আর্জেন্টিনার ফুটবলারদের ফিফার কোনো শাস্তি দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন স্পেনের মিডফিল্ডার গাভি।
মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। তবে শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সংঘর্ষে জড়ান আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচ। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফাইনালে বেঞ্চে থাকা বার্সেলোনার তারকা মিডফিল্ডার গাভি সতীর্থ এরিক গার্সিয়াকে বাঁচাতে গেলে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের ধাক্কায় মাটিতে পড়ে যান। এর কয়েক সেকেন্ড আগেই গার্সিয়ার গলা চেপে ধরেছিলেন পারেদেস। এছাড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পারেদেস ও নাহুয়েল মোলিনা স্পেনের গার্সিয়া এবং রদ্রিকে আঘাত করছেন। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমোর গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এত কিছুর পরও আর্জেন্টাইনদের শাস্তির বিপক্ষে গাভি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি বলতে আমার মনে হয় না তাদের নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি যে এটি শিশুদের জন্য কোনো ভালো উদাহরণ তৈরি করে না, তবে ফুটবলে কিছুটা আক্রমণাত্মক দিকও রয়েছে। আমার মতে, সবচেয়ে যৌক্তিক ব্যাপার হতো ম্যাচের ভেতরেই অপরাধীকে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া এবং সেখানেই বিষয়টি শেষ করা। দিন শেষে এটি ফুটবলেরই অংশ এবং বিষয়গুলো এভাবেই মেনে নিতে হয়।
সূত্র: ইএসপিএন
ডিবিসি/ এসভিএন