ডন নিউজ এজেন্সির দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ মে) পাকিস্তানের সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তির তৈরি ফাতাহ-৪ (Fatah-4) ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।
ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য নতুন প্রজন্মের (সারফেস টু সারফেস) এই ক্রুজ মিসাইলের রেঞ্জ প্রায় ৭৫০ কিলোমিটার এবং এর কাস্টমাইজড ওয়ারহেডের ওজন হতে পারে প্রায় ৩৩০ কেজি।
মূলত, ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষায় যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা ও প্রযুক্তিগত সক্ষমতা কেমন হতে পারে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিসাইল ফোর্স কমান্ড তা নিবিড়ভাবে যাচাই করে। ভূ-পৃষ্ঠের খুব কাছ দিয়ে (প্রায় ৫০ মিটার উচ্চতায়) উড়ে যাওয়ার সক্ষমতার কারণে এটি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়।
১.৫৩ টন ওজনের ফাতাহ‑৪ ক্রুজ মিসাইলের ক্রুজ স্পিড ম্যাক ০.৭ এবং এটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য নতুন প্রজন্মের মিসাইল, যা খুবই কম উচ্চতায় উড্ডয়ন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ফাতাহ‑৪ ক্রুজ মিসাইলের সার্কুলার এরর প্রোবাবেল (Circular Error Probable-CEP) মাত্র ৫ মিটার বলে দাবি করা হয়েছে, যা এটিকে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগতভাবে একটি অত্যন্ত কার্যকর ক্রুজ মিসাইলে পরিণত করেছে।
লেখক পরিচিতি:
সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক।
ডিবিসি/আরএসএল