গঙ্গা নদীর পানি বৃদ্ধি ও বিহারের বন্যা পরিস্থিতি এড়াতে ফারাক্কা বাঁধের সব গেইট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রবিবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি এই আহ্বান জানান।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সম্রাট চৌধুরী জানান, গেইটগুলো খুলে দেওয়া হলে গঙ্গার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। শুভেন্দু অধিকারীও এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তবে ফারাক্কার গেইট খুলে দেওয়া হলে বাংলাদেশে এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাঁধের সব গেইট উন্মুক্ত করা হলে উজানের বিপুল পরিমাণ পানি গঙ্গা হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে। এতে পদ্মাসহ গড়াই, মধুমতি ও আড়িয়াল খাঁ নদীতে পানির চাপ তীব্রভাবে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও শরীয়তপুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়া এবং তীব্র নদীভাঙনের মতো বিপর্যয় দেখা দিতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিবিসি/এফএইচআর