বাংলাদেশ

ফার্নেস তেলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে ফার্নেস তেলের দাম প্রতি লিটারে প্রায় ১৬ টাকা হ্রাস করেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম এখন থেকে ৭০ টাকা ১০ পয়সা হবে, যা আগে ছিল ৮৬ টাকা। অর্থাৎ, লিটার প্রতি দাম কমেছে ১৫ টাকা ৯০ পয়সা। এই নতুন মূল্য রবিবার রাত ১২টা থেকে কার্যকর হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

গত ২০২৪ সালের ২০ জানুয়ারি ফার্নেস তেলের মূল্য পুনর্নির্ধারণের জন্য প্রস্তাব পেশ করেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পরবর্তীতে বিভিন্ন তেল বিপণনকারী কোম্পানি যেমন মেঘনা পেট্রোলিয়াম, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল, যমুনা অয়েল এবং পদ্মা তেলের কোম্পানি বিপণন ও পরিবহন চার্জ বাড়ানোর আলাদা প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাবের ওপর গত ২৯ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হয় এবং ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত মতামত গ্রহণ করা হয়। প্রাপ্ত সকল প্রস্তাব ও মতামত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে কমিশন এই নতুন দাম চূড়ান্ত করেছে।

 

নতুন এই বিন্যাসে পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির বিপণন চার্জ প্রতি লিটারে ৭২ পয়সা এবং সমন্বিত পরিবহন চার্জ ১ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ফার্নেস অয়েলের এই মূল্য হ্রাসের ফলে দেশের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ উৎপাদনের খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন