চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে প্রথা ভাঙার দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। আগামী ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে ফিফা প্রটোকল ভেঙে সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো নিজেই এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাইনাল উপভোগ করতে এবং বিজয়ীর হাতে শিরোপা তুলে দিতে তাঁরা প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে থাকবেন।
ফুটবল বিশ্বকাপের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী সাধারণত ফিফা প্রেসিডেন্টই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়ে থাকেন। ইনফান্তিনোর আগে সেপ ব্লাটার এবং গত ২০১৮ ও ২০২২ সালের আসরেও ফিফা প্রেসিডেন্ট একাই এই দায়িত্ব পালন করেছেন। যদিও অতীতে বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের ট্রফি প্রদানের নজির রয়েছে, যেমন, ১৯৮২ সালে স্পেনের রাজা হুয়ান কার্লোস এবং ১৯৬৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ বিজয়ী দলের অধিনায়কদের হাতে শিরোপা তুলে দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতা ভেঙে ট্রাম্প ও ইনফান্তিনোর যৌথভাবে ট্রফি প্রদানের এই সিদ্ধান্তটি ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। গত বছর নিউ জার্সিতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ও পিএসজির মধ্যকার ম্যাচে ট্রাম্প উপস্থিত ছিলেন এবং চেলসির শিরোপা উদযাপন মঞ্চেও তাঁকে দেখা গিয়েছিল। পরবর্তীতে ক্লাব বিশ্বকাপের সেই ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা) হোয়াইট হাউসের ওভাল অফিসেও দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
যদিও এবারের বিশ্বকাপের কোনো ম্যাচে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে সশরীরে উপস্থিত থাকতে দেখা যায়নি। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের সময় ইনফান্তিনো কর্তৃক ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান নিয়েও সে সময় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিশ্লেষকদের মতে, এবার ফাইনালের মঞ্চে যৌথভাবে ট্রফি প্রদানের সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্ক নতুন মাত্রা পেতে পারে। এখন ফুটবল ভক্তদের চোখ ১৯ জুলাইয়ের সেই চূড়ান্ত মুহূর্তের দিকে, যেখানে ট্রফি প্রদানের মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এফএইচআর