নেইমার জুনিয়রের সঙ্গে সান্তোসের সম্পর্ক শৈশব থেকেই। ব্রাজিলিয়ান এই তারকার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল সান্তোসের জার্সিতেই। সাম্প্রতিক সময়ে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসে থাকার চুক্তি করেন নেইমার। এবার তাঁর পরিবারের আর্থিক সহায়তায় বড় এক সংকট থেকে মুক্তি পেল ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ক্লাবটি।
নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টসের আর্থিক সহায়তায় মোনাকোর পাওনা পরিশোধ করেছে সান্তোস। মিডফিল্ডার জ্যঁ লুকাসের দলবদল সংক্রান্ত ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা প্রায় ১৭ লাখ পাউন্ড বা ২৩ লাখ ডলারের সমপরিমাণ, বকেয়া ছিল ক্লাবটির।
ওই পাওনা পরিশোধের পর সান্তোসের ওপর থাকা ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। গত জুলাই থেকে এই নিষেধাজ্ঞার কারণে নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদল কার্যক্রমে বাধার মুখে ছিল ক্লাবটি।
এনআর স্পোর্টসের আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবের জার্সিতে এখনো বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গাগুলো নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস।
ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পথও খুলে গেছে ক্লাবটির। জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে নেওয়ার চেষ্টা এখন এগিয়ে নিতে পারবে সান্তোস। দারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান এই প্লেমেকারই বর্তমানে ক্লাবটির প্রধান দলবদল লক্ষ্য।
অবনমন-শঙ্কায় থাকা সান্তোসের জন্য আর্থারের মতো অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে পাওয়া গুরুত্বপূর্ণ হতে পারে। ব্রাজিলিয়ান লিগে বর্তমানে অবনমন অঞ্চলের ঠিক ওপরে রয়েছে দলটি, ব্যবধান মাত্র দুই পয়েন্ট।
আগামী সপ্তাহে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে খেলেননি নেইমার। তবে করিন্থিয়ান্সের বিপক্ষে তিনি আবারও শুরুর একাদশে ফিরতে পারেন।
অবনমন অঞ্চল থেকে দূরত্ব বাড়াতে ওই ম্যাচে পয়েন্ট অর্জনই এখন সান্তোসের প্রধান লক্ষ্য। আর ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে স্কোয়াড শক্তিশালী করার সুযোগও ফিরে পেয়েছে ক্লাবটি।
ডিবিসি/ আরএফই