ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতার স্বত্ব বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন উয়েফার দুই নারী কর্মকর্তা। উয়েফা সভাপতি আলেকজান্ডার চেফেরিনসহ শীর্ষ পুরুষ কর্তাদের পাশাপাশি এই প্রতিরোধে মূল নেতৃত্ব দিয়েছেন লরা ম্যাকঅ্যালিস্টার এবং লিজ ক্লাভনেস।
সম্প্রতি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার প্রতিক্রিয়ায় উয়েফার একটি জরুরি ভার্চুয়াল মিটিং ডাকা হয়। ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাত্র দুই নারী সদস্য ম্যাকঅ্যালিস্টার ও ক্লাভনেস সেখানে সবচেয়ে জোরালো ভূমিকা পালন করেন। উয়েফার সহ-সভাপতি ম্যাকঅ্যালিস্টার ফিফার সমস্ত প্রতিযোগিতা সম্পূর্ণ বয়কটের দাবি জানান। অন্যদিকে, নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাভনেস ফিফায় নেতৃত্বের পরিবর্তনের সম্ভাব্য রূপরেখা এবং ফুটবলে সুশাসনের পথ তুলে ধরেন।
ফুটবলে ঐতিহাসিকভাবে নারীদের দূরে রাখার প্রবণতা থাকলেও, সংকটকালীন এই মুহূর্তে দুই নারীর এমন বলিষ্ঠ অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। ম্যাকঅ্যা
লিস্টার এবং ক্লাভনেস শুধু শীর্ষ কর্মকর্তাই নন, তারা যথাক্রমে ওয়েলস ও নরওয়ের প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়। মাঠের ফুটবলে তাদের এই প্রত্যক্ষ অভিজ্ঞতা উয়েফায় সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ ও ফুটবলের সুশাসন রক্ষায় তাদের বক্তব্যকে আরও বেশি গ্রহণযোগ্য ও প্রভাবশালী করে তুলেছে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস