আন্তর্জাতিক, খেলাধুলা, ফুটবল

ফিফা বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চায় যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার এক চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঊর্ধ্বতন প্রতিনিধি। বুধবার (২২ এপ্রিল) ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার তিক্ত সম্পর্ক মেরামতের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে পোপ চতুর্দশ লিওর সমালোচনার জেরে ট্রাম্প ও মেলোনির মধ্যে এই মতবিরোধ তৈরি হয়।

 

মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিনান্সিয়াল টাইমসকে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পরামর্শ দিয়েছেন। জাম্পোলি জানান, একজন ইতালীয় নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই মেগা টুর্নামেন্টে আজ্জুরিদের (ইতালীয় জাতীয় দল) দেখাটা তার কাছে একটি স্বপ্নের মতো। ইতালি চারবারের বিশ্বকাপজয়ী দল হওয়ায় প্রতিযোগিতায় তাদের অন্তর্ভুক্তির যথেষ্ট যৌক্তিকতা ও যোগ্যতা রয়েছে বলেও তিনি দাবি করেন।

 

এদিকে, মার্কিন দূতের এই তৎপরতার মধ্যেই বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে ইরান। বুধবার দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে তাদের জাতীয় ফুটবল দল পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্টে দলের কার্যকর অংশগ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে।

 

এই কথিত তদবিরের বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছিলেন যে, ইরানি দল প্রতিযোগিতায় অংশ নেবে। তিনি নিশ্চিত করে বলেন, “ইরানি দলটি আসছে, এটা নিশ্চিত।” অন্যদিকে, হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন