ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে (১১৩৪ জিএমটি) দাভাও অক্সিডেন্টাল-এর সারানগানির কাছে ৫২.৪ কিলোমিটার (৩২.৫ মাইল) গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৮ জুন মিন্দানাওয়ের সারানগানি প্রদেশের উপকূলে ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে আবাসিক এলাকা ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভয়াবহ সেই দুর্যোগে অন্তত ৭৮ জনের প্রাণহানি ঘটে এবং প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এই অঞ্চলটিতে নিয়মিতভাবে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।
ডিবিসি/আরএসএল