আন্তর্জাতিক, অন্যান্য

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির, বিশেষ করে মুসলিম বিশ্বের এক যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার (১২ আগস্ট) আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তুরস্ক প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান অব্যাহত রাখবে বলে এরদোগান প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ইসরায়েলি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর 'গণহত্যাকারী' সরকার সমগ্র বিশ্বের চোখের সামনেই দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে তাদের বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব চরমভাবে হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া বা উপেক্ষা করা সম্ভব নয়।


ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তুরস্ক এই সংকট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে এরদোগান উল্লেখ করেন, কেবল ২০২৬ সালেই দখলদারদের সহিংসতা, উচ্ছেদ ও ঘরবাড়ি ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন। এই পরিস্থিতিকে তিনি একটি 'পদ্ধতিগত দখলদারিত্ব' এবং ফিলিস্তিনি প্রশাসনের কার্যক্রমকে তাদের নিজেদের ভূখণ্ডেই পঙ্গু করে দেওয়ার কৌশল হিসেবে আখ্যায়িত করেন।


নেতানিয়াহু সরকার নতুন সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিন ইস্যুটিকে বৈশ্বিক আলোচ্যসূচি থেকে আড়াল করার চেষ্টা করছে উল্লেখ করে এরদোগান বলেন, তারা এই চক্রান্তে কখনোই সফল হবে না। তিনি গাজা পুনর্গঠন এবং সেখানে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনিদের গঠনমূলক অবস্থানের বিপরীতে ইসরায়েলের বর্তমান সরকারের আপসহীন ও আক্রমণাত্মক আচরণেরও নিন্দা করেন তিনি।


প্রথম কিবলা আল-আকসা মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো উসকানিমূলক চেষ্টার তীব্র বিরোধিতা করেন এরদোগান। ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে এবং দখলকৃত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অবিচ্ছিন্ন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তুরস্ক দৃঢ়ভাবে কাজ করে যাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।


এছাড়াও, ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এরদোগান আশা প্রকাশ করেন যে, এটি ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার করবে। সবশেষে তিনি মাহমুদ আব্বাস ও তার প্রতিনিধি দলকে তুরস্ক সফরের জন্য ধন্যবাদ জানান এবং সমগ্র ফিলিস্তিনি জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করেন।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন