মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার চক্রান্ত এখনও চলছে। তবে মিশর তার সর্বোচ্চ শক্তি দিয়ে এটিকে প্রতিহত করবে। মুসলিম বিশ্বের জন্য ফিলিস্তিনিদের উৎখাত করাটা একটি 'রেড লাইন' বা চূড়ান্ত সীমা বলে তিনি উল্লেখ করেন।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, গাজার পরিস্থিতি এমন করা হয়েছে যে সেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। এমন অবস্থায় কেউ যদি এলাকা ছেড়ে যায়, তাকে কোনোভাবেই ‘স্বেচ্ছায় দেশত্যাগ’ বলা যায় না। বরং এটি হলো জবরদস্তি, যা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের লঙ্ঘন।
মিশর কোনো অবস্থাতেই ফিলিস্তিনিদের এই দেশত্যাগ মেনে নেবে না বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজেদের মাটিতেই থাকবে। তাদের এই অধিকার রক্ষায় মিশর সবসময় তাদের পাশে থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়েও গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন বদর আবদেল আত্তি। সেখানে ফিলিস্তিনিদের ওপর যেভাবে অত্যাচার চলছে এবং তাদের জায়গা দখল করা হচ্ছে, তাকে তিনি ‘নীরব দখলদারি’ বলে আখ্যা দেন। তিনি জানান, এমন কাজ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে।
ইসরায়েলের নিরাপত্তার বিষয়েও কথা বলেন মিশরের এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, ইসরায়েল যতই সামরিক শক্তি দেখাক না কেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার না দেওয়া পর্যন্ত তারা কখনোই শান্তিতে থাকতে পারবে না। ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিয়ে ইসরায়েল বা পুরো মধ্যপ্রাচ্য কোথাও সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
ডিবিসি/এসডব্লিউএন