আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে পশ্চিম তীরে আরও সেনা পাঠাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। গ্রামটিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রেখেছেন। ফিলিস্তিনিদের অভিযোগ, জমি দখল ও তাদের উচ্ছেদ করতেই এই অবরোধ সৃষ্টি করা হয়েছে।

গত সপ্তাহান্তে বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেন। বাড়িগুলোর সামনে তাঁবু স্থাপন করে বাসিন্দাদের চলাচলেও বাধা দেওয়া হয়। এর আগে ওই পরিবারগুলোর পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

 

জাতিসংঘ জানিয়েছে, দুই শিশুসহ প্রায় ১৫ জন ফিলিস্তিনি আতঙ্কের মধ্যে নিজেদের বাড়িতে আটকা পড়েছেন। তারা খাবার, পানি, ওষুধ ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিরাপত্তা বজায় রাখা, এলাকাটি রক্ষা করা এবং নিয়মিত টহল পরিচালনার জন্য কুসরায় অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।

 

তবে সপ্তাহের শুরুতে প্রকাশিত একটি ভিডিওতে সামরিক পোশাক পরা কয়েকজন ইসরায়েলিকে বসতি স্থাপনকারীদের সঙ্গে একটি তাঁবুর ভেতরে সকালের প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এর আগে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ অভিযানে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ব্যবহার করেন। এর একদিন পরই গ্রামটিতে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দেওয়া হয়।

 

অবরুদ্ধ দুটি পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত খাবার ও ওষুধ নেই। বসতি স্থাপনকারীরা তাদের সম্পত্তি নষ্ট করছেন, বাড়িতে পাথর ছুড়ছেন এবং অপমানজনক ভাষায় গালিগালাজ করছেন বলেও অভিযোগ করেছেন তারা।

 

অবরুদ্ধ বাসিন্দা কুসাই আবু রিদা বলেন, ‘আমরা সরকারি প্রতিষ্ঠান এবং স্বাধীন ও সম্মানিত প্রত্যেক ব্যক্তির কাছে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার জন্য সাহায্য চাইছি।’

তিনি তার ভাইয়ের মালিকানাধীন একটি বাড়িতে আটকা পড়েছেন। তার ভাই যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ওহাইও অঙ্গরাজ্যে বসবাস করেন।

 

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ঘটনাটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ দায়ী বসতি স্থাপনকারীদের সরিয়ে দিতে সেখানে গেছে।

 

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় জমি ও সম্পদ দখল করছেন। এমনকি ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া মালিকানার দলিল থাকলেও তাদের জমি রক্ষা করা যাচ্ছে না।

 

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে। বর্তমানে সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি ও পাঁচ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন। ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা পিস নাউ-এর তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে প্রায় ১৪৬টি বসতি এবং ৩৯০টি ছোট বসতি-চৌকি রয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন