ফিলিস্তিনি বন্দিদের রাখা কারাগার ঘিরে কুমিরে ভরা পরিখা বা খাল তৈরির বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নের পথে নতুন আইনি পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দেশটির হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান কুমিরকে ‘পরিচালিত বন্যপ্রাণী’ হিসেবে পুনঃশ্রেণিবিন্যাসের আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে নির্ধারিত শর্তে সরকারি সংস্থা, এমনকি ইসরায়েলি কারা কর্তৃপক্ষও নিজেদের স্থাপনায় কুমির রাখতে পারবে।
এর আগে কুমির ‘সংরক্ষিত বন্যপ্রাণী’ হিসেবে তালিকাভুক্ত থাকায় কেবল অনুমোদিত চিড়িয়াখানায় রাখা যেত। নতুন সিদ্ধান্তে সেই আইনি বাধা দূর হয়েছে।
প্রায় ছয় মাস আগে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমিরে ভরা জলপথ দিয়ে ঘেরা উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দেন। হিব্রু গণমাধ্যমে এ পরিকল্পনাকে ‘কুমির কারাগার’ নামে উল্লেখ করা হচ্ছে।
চ্যানেল ৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রকল্পটির বাস্তবতা যাচাই শুরু করেছে। কুমিরের পরিচর্যা ও ব্যবস্থাপনা সম্পর্কে জানতে কর্মকর্তারা চিড়িয়াখানাও পরিদর্শন করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, কর্মকর্তাদের ধারণা, কুমিরে ভরা পরিখা বা খাল কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি পাহারার ব্যয়ও কমাতে পারে। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল