চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। রবিবার (১০ মে) ক্লাসিকো ম্যাচ জিতে ইতিহাস গড়া এই শিরোপা নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল। তবে দলের এই আনন্দঘন উদ্যাপনের মধ্যেই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন স্প্যানিশ ফুটবলের ১৮ বছর বয়সী উদীয়মান তারকা লামিন ইয়ামাল, কুড়িয়েছেন ভক্তদের প্রশংসাও।
শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে স্পেনের বার্সেলোনা শহরের প্রধান সড়কগুলোতে উৎসবের আমেজে নেমে আসেন নানা বয়সী অসংখ্য সমর্থক। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, খোলা ছাদযুক্ত বাসে দাঁড়িয়ে হাজারো সমর্থকের উচ্ছ্বাসের জবাবে ফিলিস্তিনের পতাকা নাড়ছেন ইয়ামাল।
আল-জাজিরার তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতের পর স্পেনের এই বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। শহরটিতে নিয়মিত ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ও সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি গাজায় সহায়তা পৌঁছে দিতে যাওয়া বিভিন্ন ত্রাণবাহী নৌবহরের যাত্রাও এখান থেকেই শুরু হয়েছে।
ডিবিসি/এফএইচআর