আন্তর্জাতিক, অন্যান্য

ফিলিস্তিনের পশ্চিম তীরে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনী ইসরায়েলি সেনা ও ইহুদি বসতিতে ৭ অক্টোবরের হামলার মতো কোনো হামলা চালানোর প্রস্তুতি নিলে ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতিতে ছুরিকাঘাতের ঘটনায় ১৯ বছর বয়সী এক ইসরায়েলি বসতি স্থাপনকারী গুরুতর আহত হওয়ার পর এ হুমকি দেন কাটজ। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনি তরুণকে পরে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে।


ঘটনাটি নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে একটি অবৈধ ইসরায়েলি বসতির এলাকায় ঘটে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যান। পরে ইসরায়েলি সেনারা তাকে খুঁজতে অভিযান শুরু করে। সেনাবাহিনীর দাবি, তিনি তাদের ওপর ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকে হত্যা করা হয়।


হামলায় আহত ইসরায়েলি বসতিস্থাপনকারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে এবং তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।


হামলার পর পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে নিরাপত্তা জোরদার ও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


কাটজ বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের নিরাপত্তা সংস্থা বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান ইসরায়েলি বাহিনী ও ইহুদি বসতিতে বড় ধরনের হামলার উদ্যোগ নিলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তিনি সেনাবাহিনীকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।


অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক সহিংসতার অভিযোগের মধ্যেই সর্বশেষ এই ছুরিকাঘাতের ঘটনা ঘটল। ইসরায়েলি সামরিক কর্মকর্তারাও সতর্ক করে আসছেন, বসতিস্থাপনকারীদের সহিংসতা পশ্চিম তীরে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।
 

সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন