আন্তর্জাতিক

ফিলিস্তিনের পশ্চিম তীরে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ ইসরায়েলিসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল গ্রামে গতকাল (২৪ জুলাই, ২০২৬) ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে চারজন ফিলিস্তিনি এবং দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

গত কয়েক মাসের মধ্যে এটি পশ্চিম তীরে ঘটা সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের ঘটনা। তবে এই সহিংসতা ও গোলাগুলির সূচনা কীভাবে হয়েছে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠে এসেছে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রায় ৩০ জন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালালে গ্রামবাসী তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সংঘাতের সৃষ্টি হয়। এরপরই ঘটনাস্থলে ইসরায়েলি সেনাসদস্যরা উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে চার ফিলিস্তিনি প্রাণ হারান, যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আরও একাধিক ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

 

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই অঞ্চলে পরিদর্শনে যাওয়া তাদের বেসামরিক নাগরিকদের ওপর ফিলিস্তিনিরা আক্রমণ করলে তারা ব্যবস্থা নেয়। সেনাবাহিনী জানায়, ঘটনাস্থলে আসা এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে এক ফিলিস্তিনি জোরপূর্বক অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে ওই নিরাপত্তারক্ষী নিহত হন। পরবর্তীতে সেনাসদস্যদের পাল্টা গুলিতে হামলাকারীসহ ফিলিস্তিনিরা নিহত হন। এ ঘটনায় এক ইসরায়েলি সেনাসদস্যও নিহত হয়েছেন, তবে তাঁর মৃত্যুর স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে ইসরায়েলি সেনা ও সাধারণ পোশাকের সশস্ত্র ব্যক্তিদের সাথে ফিলিস্তিনিদের হাতাহাতি ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখা গেছে। এ মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

সূত্র: বিবিসি

আরও পড়ুন