ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এক ভাষণে তিনি বলেন, দখলদারিত্বের অবসান, অবিচার ও আগ্রাসন বন্ধ, প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘস্থায়ী শান্তি, সত্যিকারের স্থিতিশীলতা এবং জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়।
১৯৭৯ সালে প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মিশর। তবে প্রেসিডেন্ট আল-সিসি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের একমাত্র সমাধান নিহিত রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ওপর।
তিনি আরও বলেন, একটি ন্যায়সঙ্গত শান্তি এই অঞ্চলের মানুষকে ‘স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করার সুযোগ’ করে দেবে। এ সময় তিনি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজার যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোরও আহ্বান জানান।
ডিবিসি/এসএস