রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাতে বসবাসকারী অসহায় নারী গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এই বাড়িটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই নির্মাণকাজের উদ্বোধন করেন। জানা গেছে, প্রায় দুই শতক জমির ওপর নির্মাণাধীন এই বাড়িটির কাজ সম্পন্ন করে আগামী দুই মাসের মধ্যে তা গোলাপি বেগমের কাছে হস্তান্তর করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অসহায় এক নারীর জন্য নেওয়া এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ডিবিসি/আরএসএল