খেলাধুলা, ফুটবল

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনার সাক্ষী হলো ক্রীড়াবিশ্ব। দেশটির মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচে চরম বিশৃঙ্খলার জেরে রেফারিকে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে। স্থানীয় ফুটবলের ইতিহাসে এই ঘটনাটি অত্যন্ত নেতিবাচক এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

গোল ডটকম ও ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘অ্যাভেনির দ্য গিলিয়ের’ এবং ‘ইন্ডিপেনডঁ দ্য মোরঁ’। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলেও গোলযোগের সূত্রপাত হয় রেফারির শেষ বাঁশি বাজার পর। মূলত দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডা দ্রুত বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন খেলোয়াড় এবং এক অভিভাবক এই মারামারিতে জড়িয়ে পড়েন। প্রতিবেদনে জানানো হয়, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে সংঘর্ষে লিপ্ত হলে বিশৃঙ্খলা চরম আকার ধারণ করে। এতে ওই অভিভাবক মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এবং পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে রেফারি কঠোরতম সিদ্ধান্তের পথ বেছে নেন।

 

ম্যাচে অংশ নেওয়া মোট ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখানো হয়। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন খেলোয়াড় রয়েছেন। এই নজিরবিহীন ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন