খেলাধুলা, ফুটবল

ফুটবলের খবর রাখেন না ৩৬ শতাংশ ব্রাজিলিয়ান!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলে দিন দিন ফুটবলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমে আসছে। শনিবার প্রকাশিত ‘ডেটাফোলহা’র একটি নতুন জরিপে উঠে এসেছে, দেশটির ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে বর্তমানে ৬৪ শতাংশ মানুষ ফুটবল নিয়ে আগ্রহী। এর মধ্যে ২৮ শতাংশের ফুটবলে ‘প্রচুর আগ্রহ’ থাকলেও ৩৬ শতাংশের রয়েছে ‘কিছুটা আগ্রহ’। অন্যদিকে, বাকি ৩৬ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা ফুটবলের কোনো খবরই রাখেন না।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সর্বশেষ জরিপের তুলনায় এবার ফুটবলের প্রতি সার্বিক আগ্রহ ৮ শতাংশ কমেছে। সেই সময় ৭২ শতাংশ মানুষ ফুটবল অনুসরণের কথা জানিয়েছিলেন এবং ২৮ শতাংশ মানুষ জানিয়েছিলেন তাঁদের কোনো আগ্রহ নেই।

 

জরিপের ফলাফলে অংশগ্রহণকারীদের লিঙ্গ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেও আগ্রহের বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ ফুটবল অনুসরণ করার কথা জানালেও, নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ। এছাড়া শিক্ষার হারও ফুটবলের প্রতি আগ্রহে বড় প্রভাব ফেলেছে। জরিপের তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে মাত্র ৪৯ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করেন। তবে মাধ্যমিক স্তরে শিক্ষিতদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে এবং উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশ।

 

গত ২২ ও ২৩ জুলাই ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার মোট ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়। সমীক্ষাটির ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি ধরা হয়েছে।

 

উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েক দিন পরই এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে। এবারের বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। এর মধ্য দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠার আগেই বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার হতাশাজনক রেকর্ড গড়ল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন