ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর অভিনব কায়দায় রাখা ৮টি কার্টুন থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।
শনিবার (২০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোড এলাকায় একটি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-ছ-৭১৩৮৮১) তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতরা হলেন অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১) এবং মিনহাজুর রহমান প্রকাশ ওরফে অমি (২১)।
জসিম উপজেলার পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে এবং অমি পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন ও এএসআই রাজিব বৈরাগীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অ্যাম্বুলেন্সের ভেতর অভিনব কৌশলে পাচারের সময় এই ১১৭ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১-এর ২৪(খ) এবং ৩৮/৪১ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অজ্ঞাত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল