ফেনীর ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করতে দুঃসম্পর্কের মামির ঘরে ডাকাতি করতে গিয়ে প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজলকে (৩৬) কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। চাঞ্চল্যকর এই হত্যা মামলার একমাত্র আসামি মো. আরিফুল ইসলামকে (৩১) ঘটনার ৫০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (২৯ জুন) র্যাব-৭ ফেনী ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।
এর আগে ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকার মো. রসুল মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঋণের টাকা পরিশোধ করতে দুঃসম্পর্কের কুয়েত প্রবাসী মামির ঘরে ডাকাতি করার পরিকল্পনা করেছিল আরিফ। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৬ জুন দিবাগত রাতে ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে সে। এ সময় গৃহবধূ কাজলের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়া প্রতিবেশীরা কাজলের গোঙানির শব্দ শুনে ওই বাড়িতে জড়ো হতে শুরু করলে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যার দায় স্বীকার করে জানিয়েছে, মূলত ডাকাতি করতে গিয়েই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল