ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতার গলা ও হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোবায়ের ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছেলেকে সর্বশেষ দেখেছিলেন তিনি। পরদিন শনিবার সকালে বাড়ির সামনে জোবায়েরের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে নিহতের ছোট ভাই সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধ ছিল জোবায়েরের। এর জেরে সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। পূর্বশত্রুতা ও ওই বিরোধের জের ধরেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের দাবি।
খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে জোবায়ের পারভেজের দোকানের কর্মচারী মাইকেল নামের একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে জোর তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/পিআরএএন