বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যা: রাজমিস্ত্রী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনী সদর উপজেলার শর্শদিতে কিস্তির টাকা পরিশোধের জন্য স্বর্ণের কানের দুল ছিনতাই করতে গিয়ে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযুক্ত রাজমিস্ত্রী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বৃহস্পতিবার রাত ৯টায় ফেনী পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উক্য সিং এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।


জিজ্ঞাসাবাদে সাইফুল পুলিশকে জানায়, ঘটনার দিন এনজিওর কিস্তির টাকা পরিশোধের জন্য কর্মীরা তাকে প্রচণ্ড চাপ দিচ্ছিলেন। টাকার ব্যবস্থা করতে না পেরে সে দিশেহারা হয়ে পড়ে। এদিন বিকেলে রিনা আক্তারের নির্মাণাধীন বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায় সাইফুল। ওই সময় রিনা আক্তার একা ঘরের কাজ তদারকি করছিলেন। তার কানে স্বর্ণের দুল দেখে সাইফুলের মনে লোভ জাগে।


দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রিনা আক্তার বাধা দেন এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সাইফুল রিনা আক্তারের গলা টিপে ধরলে দম বন্ধ হয়ে তিনি মারা যান। এরপর ধরা পড়ার ভয়ে সাইফুল ঘরের মেঝেতে বালি খুঁড়ে লাশ পুঁতে রেখে আত্মগোপনে চলে যায়। সাইফুল দাবি করেছে, তার মূল উদ্দেশ্য হত্যা ছিল না, কেবল দুল ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে এই ঘটনা ঘটে।


প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিবিআই বৃহস্পতিবার সাইফুলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনীর মোহাম্মদ আলী বাজারের একটি দোকান থেকে ছিনিয়ে নেওয়া এক আনা ওজনের স্বর্ণের দুলটি উদ্ধার করা হয়।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) বিকেলে শর্শদি ইউনিয়নের চোছনা গ্রামে নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে রিনা আক্তারের নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। ওইদিন রাতেই বালুচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। 


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন