জেলার সংবাদ

ফেনীতে পিআইও সাবেক অফিস সহকারীর ভাড়া বাসায় মিললো বস্তায় বস্তায় সরকারি ত্রাণ

ফেনী জেলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ফুলগাজী যুব উন্নয়ন কার্যালয় সংলগ্ন ভাড়া বাসার নিচতলায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে বাসা থেকে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়।

 

উদ্ধারকৃত মাগুলোর মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট হলুদের গুঁড়া (প্রতিটি ২০০ গ্রাম), ৩২ প্যাকেট মরিচের গুঁড়া (প্রতিটি ১০০ গ্রাম) এবং ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া (প্রতিটি ১০০ গ্রাম)। এসব মালামাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের এবং গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল। 

 

উদ্ধার হওয়া ত্রাণের প্যাকেটের গায়ে ‘২০২৪-২৫ অর্থবছর’ লেখা রয়েছে। স্থানীয়দের ধারণা, ২০২৫ সালে ফুলগাজীতে ভয়াবহ বন্যার সময় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য এই ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়ে থাকতে পারে। সরকারি ত্রাণের মালামাল একজন কর্মচারীর ভাড়া বাসায় কীভাবে পৌঁছাল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন উঠেছে।

 

অভিযুক্ত আবদুল বাকের (৪৫) নোয়াখালী সদর উপজেলার নোয়ানই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে। তিনি গত বছরের ১০ জুলাই ফুলগাজী উপজেলায় যোগদান করেন এবং চলতি বছরের ২২ জুলাই তাকে ফুলগাজী থেকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। তবে তার তিন ছেলে ও দুই মেয়ে ফুলগাজীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করায় সুবিধার খাতিরে তিনি বদলির পরও ফুলগাজীর ওই ভাড়া বাসাটি পরিবর্তন করেননি।

 

এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে।

 

উদ্ধার হওয়া মালামালের প্যাকেটে থাকা লেখা অনুযায়ী এগুলো ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ত্রাণ। অভিযুক্ত ব্যক্তি ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং গত মাসে বদলি হয়ে বর্তমানে নোয়াখালীর সন্দ্বীপ উপজেলায় কর্মরত রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন