বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)।

সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন। নাদিয়া স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনেই গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

 

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, বজ্রপাতের শিকার শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

 

ফুলগাজী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত রয়েছে। হাসপাতাল থেকে দুই শিশুর মরদেহ ইতিমধ্যেই তাদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন