ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে এক মর্মান্তিক ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। রোববার (২২ মার্চ) ভোর চারটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে সংস্কার কাজ চলছিল। এ কারণে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে ওই এলাকা পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাস ও অ্যাম্বুলেন্সের চালক-কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে সড়কে একটি মোটরসাইকেল ও আরও বেশ কয়েকটি বাসের জটলা তৈরি হয়। এর কিছুক্ষণ পরই বেপরোয়া গতিতে ছুটে আসা দোয়েল পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়।
পুলিশ সূত্র জানায়, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, বাসের একজন সুপারভাইজার এবং একজন সাধারণ যাত্রী প্রাণ হারান। আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।
ডিবিসি/পিআরএএন