নির্বাচনে বিজয়ীদের মিছিল ও সমাবেশ না করে দোয়া ও মোনাজাত করার কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ফেনী-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু তাঁর নির্বাচনি এলাকা ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
অপরদিকে, ফেনী-৩ আসনে বিজয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর উদ্যোগে তাঁর নির্বাচনি এলাকা সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদেও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসব মোনাজাতে দেশের সার্বিক কল্যাণ ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে রফিকুল আলম মজনু বলেন, "ফেনী-১ আসনের জনগণ গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এজন্য আমি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।"
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি.এ-সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লিরা।
ডিবিসি/পিআরএএন