ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতালে বিনামূল্যে ১৮ জন পুরুষ ও মহিলা চক্ষু রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. সোহেল মাহমুদ রোগীদের চোখের ছানি অপারেশন করেন।
এদিকে, হাসপাতালটিতে নতুনভাবে যোগ হয়েছে প্যাথোলোজি ইউনিট।
জানা যায়, ঢাকার শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. এবিএম হারুন ২০১৫ সালে নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রতি মাসে দুইবার বিশেষজ্ঞ চক্ষু সার্জন দ্বারা চোখের ছানি অপারেশন করা হয়। এছাড়া শিশু রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যাথা ও অন্যান্য রোগেরও চিকিৎসা দেয়া হয়। এ পর্যন্ত ১ হাজার ১২ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। রোগীর সম্পূর্ণ খরচ বহন করছেন ডা. এবিএম হারুন।
পার্বত্য এলাকা রামগড় এর বলিপাড়া থেকে চোখের অপারেশনের জন্য আসা মো. হানিফ বলেন, আমি চার বছর আগে এখানে এসে আমার একটি চোখের অপারেশন করেছি, মোটামুটি ভাল আছি। আজ আর একটি চোখের অপারেশন করাবে। এখানে সবই বিনামূল্যে। পরিবেশ ভাল, সবকিছুই ভাল।
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. সোহেল মাহমুদ বলেন, শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. এবিএম হারুন সাহেব নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রতি মাসে দুইবার বিশেষজ্ঞ চক্ষু সার্জন দ্বারা চোখের ছানি অপারেশন করে যাচ্ছেন। চোখের ছানী অপারেশনের মাধ্যমে গ্রামের অসহায় অন্ধদের আলো দিচ্ছেন তিনি।
ডা. এবিএম হারুনের ছোট ভাই এবিএম বোরহান বলেন, নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে প্রতি মাসে দুইবার বিশেষজ্ঞ চক্ষু সার্জন দ্বারা চোখের ছানি অপারেশন করলেও করোনার কারণে একবার করা হচ্ছে। এ পর্যন্ত ১ হাজার ১২ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।