ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা

ফেনীতে বিস্ফোরণে অয়েল মিল মালিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ‘সততা অয়েল মিলস’-এর মালিক নুর আলম মাসুদের (৪৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।

 

জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রায় একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়।

 

নিহতের ভাই মোর্শেদ জানান, নতুন পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, 'বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন