জেলার সংবাদ

ফেনীতে বোনের বাড়ি থেকে ফেরার পথে বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই মে ২০২৬ ০১:৫৩:৩৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুরুল হুদার ছেলে নুর আলম এবং তাঁর ছেলে নিরব। পেশায় নুর আলম ফেনী ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নুর আলম তাঁর ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনী শহরে ফিরছিলেন। পথে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাঁরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত ছেলে নিরব ও ভাগিনা আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ভাগিনা আফজাল মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে।

 

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ঘাতক বাস ও মোটরসাইকেলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে বাসের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন