ফেনীর ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে হোনা মিয়া (৩৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত সাতজনকে আটক করেছে।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হোনা মিয়া পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সংঘর্ষে আহতরা হলেন—একই গ্রামের আলা উদ্দিন সুজন (৩০) ও নূর আলম (৪০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার রাতে সেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটি কাটার বিরোধ থেকে এই মারামারি ও নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ডিবিসি/টিবিএ