জেলার সংবাদ

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, আহত বাবা-বোন

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা গুলশান আরা বেগম লাকি (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা মোস্তফা ভূঞা (৫০) ও বোন মিথিলা মোস্তফা সাহারা (১৮)। রবিবার (১০ মে) মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মাতু মেস্তরি বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারী মোশাররফ হোসেন রাফি (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য পরিবার একাধিকবার চেষ্টা করলেও সে শোধরায়নি। এর ফলে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে রাফি তার মা গুলশান আরা বেগমের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গেলে বাবা ও বোনের ওপরও হামলা করে সে।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাকিকে দ্রুত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত বাবা ও মেয়েকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর জন্য ঘাতক রাফি অনলাইনে অর্ডার দিয়ে দুটি ছুরি কিনেছিল। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে।

 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং হামলাকারী রাফিকে গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মাদকাসক্ত ছিল এবং পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের ওপর হামলার উদ্দেশ্যে অনলাইনে ছুরি কেনার বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।

 

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন