বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে ৫০ বছর ইমামতির পর ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি মসজিদে টানা ৫০ বছর ইমামতির পর ৯৫ বছর বয়সী প্রবীণ আলেম মাওলানা শামসুল হক মিয়াজীকে রাজকীয় বিদায় সংবর্ধনা জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে এবং মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ীর 'রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদ' পরিচালনা পরিষদ এই দৃষ্টান্তমূলক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রবীণ এই ইমামের হাতে সম্মাননা হিসেবে নগদ তিন লাখ টাকা তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাঁর জন্য আমৃত্যু পেনশন সুবিধার ঘোষণাও দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

 

দীর্ঘ পাঁচ দশক ধরে ইমামতির দায়িত্ব পালন করা প্রিয় ইমামের পেছনে শেষ জুমার নামাজ আদায় করতে এদিন দূর-দূরান্ত থেকে বহু মুসল্লি ছুটে আসেন। বিদায়বেলায় তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

 

জানা গেছে, মাওলানা শামসুল হক মিয়াজীর পরিবার বংশানুক্রমে প্রায় ২০০ বছর ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছে। তাঁর দাদা মরহুম মাওলানা হামিদুল্লাহ মিয়াজী এবং বাবা মরহুম মাওলানা এবাদুল্লাহ মিয়াজীর পর তিনি নিজে দীর্ঘ ৫০ বছর নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেন।

 

বিদায় অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, উপদেষ্টা রাজ্জাকুল হায়দার চৌধুরী, কামরুল আহসান চৌধুরী, নুরুল আমিন চৌধুরী এবং সরোয়ার উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বিদায়ী ইমামের অগাধ ধর্মীয় জ্ঞান, সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন