রাজধানীর বারিধারা থেকে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে আটক করে ডিবির ওই দলটি।
রাজনৈতিক অঙ্গনেও মাসুদ উদ্দিন চৌধুরী বেশ আলোচিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে নির্বাচন করার উদ্দেশ্যে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে এর মাত্র পাঁচ দিনের মাথায় তিনি মত বদলে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন। দলবদলের ঠিক পরদিনই তাকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য করা হয় এবং তিনি জাপা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের সময় এই সাবেক সেনা কর্মকর্তা ব্যাপকভাবে আলোচনায় আসেন। সেসময় তিনি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ক্ষমতার পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। মূলত তার নেতৃত্বাধীন এই কমিটির অধীনেই সেসময় দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল।
সেনাবাহিনীতে তার কর্মজীবনের শেষভাগে ২০০৮ সালে মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তিন দফায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।
ডিবিসি/পিআরএএন