চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাসী আয়ের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। পাশাপাশি, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৯০ শতাংশ বেশি।
রেমিট্যান্স আসার এই ঊর্ধ্বমুখী ধারা গত কয়েক মাস ধরেই অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর ঠিক আগের মাস ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে স্বীকৃত।
ডিবিসি/এফএইচআর