বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানির বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে চূড়ান্ত অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সী এই তারকার দেড় দশকের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল একরাশ হতাশার মধ্য দিয়ে। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নয়্যার জানান, এভাবে ক্যারিয়ার শেষ হওয়াটা তার জন্য অত্যন্ত তিক্ত ও বেদনাদায়ক।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ফলাফল নির্ধারণে তা টাইব্রেকারে গড়ায়। সেখানে একটি শট ঠেকিয়ে নয়্যার জার্মানির আশা জাগালেও সতীর্থ জোনাথন তা পেনাল্টি মিস করেন। পরবর্তীতে হোসে ক্যানালের জয়সূচক শটে প্যারাগুয়ে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে, যার ফলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।
জার্মানির জার্সিতে ১২৮তম ও নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামা নয়্যার এবারের আসরে চার ম্যাচ খেলে কোনোটিতেই ক্লিন শিট রাখতে পারেননি। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে বিশ্বমঞ্চের আর কোনো ম্যাচেই নিজের গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি এই অভিজ্ঞ গোলরক্ষক।
এর আগে উয়েফা ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল থেকে দল ছিটকে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন নয়্যার। তবে প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের বিশেষ অনুরোধে তিনি অবসর ভেঙে এবারের বিশ্বকাপে জাতীয় দলে ফিরে এসেছিলেন। যদিও শেষ পর্যন্ত তার এই প্রত্যাবর্তনের গল্পটি রূপকথায় পরিণত হতে পারেনি।
ডিবিসি/এফএইচআর