আওয়ামী লীগ তোষণ নীতি, শীর্ষ নেতৃত্বের দুর্নীতিসহ আদর্শিক বিচ্যুতিতে আবারও ভাঙনের মুখে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস বর্জনের ডাক দিয়ে নতুন দল গড়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছয় নেতা। একই প্রক্রিয়ায় রয়েছেন দলত্যাগী সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাসও।
ভিন্নমত পোষণকারী নেতাদের অভিযোগকে অপপ্রচার দাবি করে মেনন বলছেন, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে ওয়ার্কার্স পার্টি; কারও মনে অন্য কিছু থাকলে করার কিছু নেই।
এদিকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ভিন্নমত পোষণকারী নেতারা বলছে, চাওয়া-পাওয়ার রাজনীতিতে বিলীন হয়ে গেছে দল।
২ নভেম্বর নয়া নেতৃত্ব নির্বাচনের কংগ্রেস বর্জনের ডাক দেয়া ওয়ার্কার্স পার্টির ছয় নেতার মুখপাত্র পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ বলেন, আওয়ামী লীগ তোষণ নীতি, শীর্ষ নেতৃত্বের দুর্নীতিতে জড়িয়ে পড়ার পর ওয়ার্কার্স পার্টিতে আর থাকা সম্ভব নয়।
"আমাদের যারা সমমনা, মানে পার্টিতে যারা আদর্শ নিয়ে পার্টি করতে চায়, আমরা তাদেরকে বলব যে আসো আমরা একসাথে বসি। তারা মিলে আমাদের ভিন্নভাবে দাঁড়ানো ছাড়া ওয়ার্কার্স পার্টির ভিতরে আর আদর্শ চর্চা করার সুযোগ নেই।"
পরিকল্পিতভাবে আদর্শবান নেতাদের নিষ্ক্রিয় করা হচ্ছে- অভিযোগ করে পলিটব্যুরো এই সদস্য জানান, ক্ষোভে কারণে এবার দলের সদস্যপদ নবায়ন করেননি অন্তত পাঁচশ জন।
তিনি বলেন, "তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে গেলে তো অসুবিধা নেই। আমরা যদি এই পার্টিতে না থাকি, তাহলে তো তাদের কোনো অসুবিধা নেই। বরং এটা তাদের জন্য সুবিধাজনক, মনে মনে তা-ই চাইবে।"
নতুন দল গঠনের কথা ভাবছেন দলত্যাগী সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।
তিনি বলেন, "এই কংগ্রেসের আগে-পরে আমাদের অনেককেই দল ত্যাগের ঘোষণা দিতে হবে, বা অবস্থান নিতে হবে, এইটুকু আমি বলতে পারি। কমিউনিস্ট ঐক্য ও বামপন্থীদের ঐক্যের যে কাস্টিং (ছাঁচ), বাকি জীবনে যতোদিন বেঁচে আছি, সময়টা এখানেই ব্যয় করব।"
তবে এই বিদ্রোহে বিচলিত নন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, "আমাদের এই দলের সুবিধা হচ্ছে যে আমাদের দলগুলো করে করে আবার একটা জোট করি। সেই জোটে আবার আমরা সবাই সমান, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তো তাদের রাজত্বে তারা রাজা হয়ে আছে।"
এর আগে দুই দফা ওয়ার্কার্স পার্টি ভেঙে গণফ্রন্ট নামে দল গঠন করেন টিপু বিশ্বাস, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করেন সাইফুল হক।