বাংলাদেশ, রাজধানী

ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে আগস্ট ২০২৫ ০১:১০:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১শে আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় উভয় কলেজের অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

 

আহতদের বিষয়ে ওসি বলেন, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, সিটি কলেজের তিনজন এবং ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

এদিকে, পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায়, সেজন্য নিউমার্কেট ও ধানমন্ডি থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এই সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব থেকে নিউমার্কেটগামী সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

উল্লেখ্য, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়েছে। চলতি বছরের ১৯শে জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। এর কিছুদিন পর ৯ই ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। এছাড়া, ২০শে ফেব্রুয়ারি এবং ১৮ই মার্চেও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্যদের সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে ১৮ই মার্চের সংঘর্ষে শিক্ষার্থী ও পথচারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছিলেন। বারবার এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক ও সাধারণ মানুষ।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন