সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম 'সোশ্যাল ব্ল্যাড' প্রকাশিত শীর্ষ তালিকার ৬৩তম অবস্থানে রয়েছেন তিনি।
১৮ জানুয়ারি (রোববার) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোশ্যাল ব্ল্যাডের পরিসংখ্যান অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও উঁচুতে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমান লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬ এবং এনগেজমেন্ট বা 'টকিং অ্যাবাউট' সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।
গত ১৪ দিনে তার পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড় লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারের বেশি। ফেসবুকের কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, তারেক রহমানের এই পেজটি বিশ্বব্যাপী বর্তমানে অন্যতম সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজ হিসেবে স্বীকৃত। সোশ্যাল ব্ল্যাডের সংজ্ঞা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই 'কনটেন্ট ক্রিয়েটর' হিসেবে বিবেচনা করা হয়। এই বিবেচনায় তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের তালিকায় এক উল্লেখযোগ্য অবস্থানে উঠে এসেছেন।
ডিবিসি/পিআরএএন