বাংলাদেশ, জেলার সংবাদ

ফেসবুক লাইভে এসে মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেনে এমপি গোলাম রসুল

যশাের প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদরাসায় ঢুকে বিরোধে জড়ানো এবং স্থানীয়দের ওপর হামলার জেরে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপির বাসভবনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য ও তার মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে ফেসবুক লাইভে এসে নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থিত আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার (২৭ জুলাই) এমপির মেয়ে অনন্যা মাদরাসার কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখালে পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে এমপি ও তার মেয়ে পুনরায় মাদরাসায় গিয়ে শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়ান। এ সময় এমপির মেয়ে অনন্যা রেকসোনা নামের স্থানীয় এক নারীর মাথা ফাটিয়ে দেন এবং নাসির উদ্দিন নামের আরেক অভিভাবকের ওপর চড়াও হন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়।

 

হামলার পর সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান। এ সময় তিনি তার মেয়ে অনন্যাকে মানসিক রোগী দাবি করে বলেন, ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য মর্মাহত জানিয়ে তিনি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

 

সার্বিক বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য ও তার পরিবারকে নিরাপত্তা দিয়েছে। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কী বলেছেন, সেটি তার ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেন ওসি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন