বাংলাদেশ, জাতীয়

ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম কাল থেকে শুরু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের দিনই সুবিধাভোগীদের মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তার টাকা পৌঁছে যাবে।

প্রকল্পের বিস্তারিত তথ্য সাধারণ মানুষকে অবহিত করতে আজ সোমবার দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে, যার আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সরকারের উচ্চপদস্থ মন্ত্রীগণ বিভিন্ন স্থানে উপস্থিত থাকবেন; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে অবস্থান করবেন। 

 

এই কর্মসূচি পরিচালনার জন্য গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। যদিও ইতিপূর্বে বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানানো হয়েছিল, তবে পরবর্তীতে স্থান পরিবর্তন করে ঢাকার কড়াইল এলাকাকে বেছে নেওয়া হয়েছে।

 

আগামীকাল মঙ্গলবার থেকে যেসব এলাকায় এই পরীক্ষামূলক কার্যক্রম চলবে তার মধ্যে রয়েছে রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর শাহ আলীর ৮ নম্বর ওয়ার্ড, আলিমিয়ার টেক বস্তি ও বাগানবাড়ি বস্তি এলাকা। 

 

এছাড়া ঢাকার বাইরের এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন