ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে নেত্রকোনায় এনসিপির এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাদিয়া আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশের কাছে নিজেকে এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে তিন হাজার করে টাকা নিয়েছেন। আজ আবার টাকা আনতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।
সদর থানার ওসি আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।
ডিবিসি/এসভিএন