ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচিতে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, তাহলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ করে তিনি বলেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করতে এবং আত্মত্যাগের মূল্য দিতে সবাইকে রাষ্ট্র পুনর্গঠন ও দেশ গঠনের কাজে অংশ নিতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে ওই এলাকার সাতজনসহ সারা দেশে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
‘খোদ খাল’ পুনর্খনন প্রসঙ্গে তিনি জানান, প্রায় ৪৮ বছর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। সময়ের সঙ্গে ভরাট হয়ে যাওয়া খালটি পুনরায় চালু হলে এলাকার প্রায় দুই হাজার কৃষক পরিবারসহ আশপাশের মানুষ উপকৃত হবে।
নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের চার কোটি পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে, যা দিয়ে নারীরা সংসারের খরচ, সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন। বর্তমান বাজেটে ফ্যামিলি বা কৃষক কার্ডের জন্য কোনো বরাদ্দ না থাকলেও, বিএনপি সরকারের তৈরি করা আগামী বাজেটে এগুলোর জন্য অর্থ বরাদ্দ রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া কৃষক কার্ডের মাধ্যমে সার, কীটনাশক ও বীজ কেনার খরচের একটি অংশ সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষার বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার নেওয়া উদ্যোগ আরও সম্প্রসারণ করে মেয়ে শিক্ষার্থীদের বিনা খরচে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো ফলাফলকারীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে। বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি তরুণদের দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যাতে দেশে-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বাড়ে।
অনুষ্ঠানে স্থানীয় এক সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই শিক্ষামন্ত্রীকে ওই এলাকায় দ্রুত একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
ডিবিসি/পিআরএএন