জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারা দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের উপর দমন-পীড়ন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এমন কোনো অপকর্ম নেই, যা তারা করেনি।
রবিবার (১৩ই জুলাই) পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জুলাই পদযাত্রা-র ১৩তম দিনের কর্মসূচি হিসেবে দলটি পিরোজপুরে এই সমাবেশের আয়োজন করে।
নাহিদ ইসলাম তার বক্তব্যে পূর্ববর্তী সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেন, দেশের মানুষ পরপর তিনবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সীমাহীন জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়েই দেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছিল এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়। তিনি আরও যোগ করেন, এখন আমাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার ও একটি মানবিক বাংলাদেশ পুনর্গঠনের মাধ্যমে জনগণের সেই স্বপ্নকে বাস্তবায়ন করা।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি প্রান্তে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের বার্তা পৌঁছে দেওয়া। তারা বলেন, "এখন সময় এসেছে দেশের পুরনো ও দুঃশাসনের রাজনীতিকে চূড়ান্তভাবে বিদায় জানানোর এবং একটি নতুন সূচনা করার।
ডিবিসি/এএমটি